বলাৎকার প্রতিরোধে মাদ্রাসায় নজরদারি ও জবাবদিহি বাড়ানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মাদ্রাসায় বলাৎকার ও অশালীন কর্মকাণ্ডের মতো নিন্দনীয় ঘটনা প্রতিরোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

- Advertisement -

শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে অংশ নিয়ে এসব কথা বলেন ধর্মমন্ত্রী।

সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মাদ্রাসার মতো পবিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে যাতে এ ধরনের গর্হিত ঘটনা আর না ঘটে, সে বিষয়ে ইমামদের সচেতনতামূলক বক্তব্য দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষার্থী ও সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইমামদের উদ্দেশে বক্তব্য দেন ধর্মমন্ত্রী। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখার ওপর গুরুত্ব দেন। কেউ যাতে উসকানি দিয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ধর্মমন্ত্রী আরও বলেন, জুমার খুতবায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ইমামদের জোরালো বক্তব্য রাখতে হবে। সমাজে ইমামদের ব্যাপক গ্রহণযোগ্যতা থাকায় মানুষের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরিতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, অনুষ্ঠানে ইমাম সমিতির নেতারা নিজেদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেন। তাঁদের মধ্যে বেতন-ভাতা বৃদ্ধির দাবিও ছিল।

সর্বশেষ