কুমিল্লায় জুমার নামাজের খুতবা চলাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল বের করার ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে মিছিলে নেতৃত্ব দেওয়া ছাত্রলীগ নেতা কাইয়ুমও রয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। এর আগে শুক্রবার (২৩ অক্টোবর) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিটের মধ্যে নগরীর নূরপুর তেলিকোনা এলাকায় জুমার খুতবা চলাকালে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আকস্মিকভাবে জড়ো হন। এ সময় তাঁরা প্রায় ৩০ সেকেন্ডের একটি ঝটিকা মিছিল বের করেন।
ঘটনার পরপরই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করতে ভিডিও ফুটেজ পর্যালোচনা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশের যৌথ অভিযানে মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে সাওয়ালপুর এলাকার ছাত্রলীগ নেতা কাইয়ুমকে গ্রেফতার করা হয়। এ ছাড়া আজিজুর রহমান নীরব, হাসিব ও জামিল ইসলামসহ মোট ১৭ জনকে গ্রেফতার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেফতার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

