বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল বলা হয়: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
spot_img

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী আখ্যা দেওয়া হয়, আবার বল প্রয়োগ না করলে দুর্বল মনে করা হয় বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এ ছাড়া সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে পুলিশ কাজ করে যাচ্ছে।

- Advertisement -

আজ খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরির কাজ চলছে। এই কাঠামো বাস্তবায়িত হলে কমিউনিটি পুলিশিং পুলিশের একটি শাখা হিসেবে দায়িত্ব পালন করবে।

আইজিপি আরও বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে সারা দেশে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি জানান, এ ধরনের অভিযোগে জনগণের পক্ষ থেকে অভিযোগ না এলেও পুলিশ যেন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে, সে জন্য নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুলিশ ও জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান আইজিপি।

সর্বশেষ