প্রায় এক মাস পর কারামুক্ত জামায়াত নেতা আখতারুজ্জামান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

বিমানবন্দরে সরকারি কাজে বাধা দেওয়া ও কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগে দায়ের করা মামলায় প্রায় এক মাস কারাগারে থাকার পর মুক্তি পেয়েছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার মুক্তির খবর ছড়িয়ে পড়ার পর থেকেই কারাগারের ফটকে ভিড় করেন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় দলের কেন্দ্রীয় পর্যায়ের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। দীর্ঘদিন পর নেতাকে মুক্ত অবস্থায় কাছে পেয়ে তাদের মধ্যে উচ্ছ্বাস ও স্বস্তি লক্ষ্য করা যায়।

জানা গেছে, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধি পরিবারের সদস্যদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে লাগেজ সংগ্রহের সময় ট্রলির স্বল্পতা এবং জমজমের পানি পেতে দেরি হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের সঙ্গে বিমানবন্দরের কর্মকর্তাদের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়া এবং বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে আখতারুজ্জামানসহ কয়েকজনের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করেন নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজীব।

মামলার পরদিন ২ অক্টোবর বিকেলে রাজধানীর সেনানিবাস এলাকার নিজ বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে রিমান্ড শেষে ৪ অক্টোবর তাকে আদালতে হাজির করা হলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরবর্তী সময়ে দায়রা আদালতে জামিন না পেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন তিনি। সবশেষে প্রায় এক মাস কারাভোগের পর মঙ্গলবার সকালে মুক্তি পেলেন জামায়াতের এই নেতা।

সর্বশেষ