বিদ্যুৎ সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ উৎপাদনে বড় পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সংকট এখনো কাটেনি। অতীতের ব্যর্থতা নিয়ে আলোচনা না করে ভবিষ্যতে কীভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখা যায়, সরকার এখন সেই লক্ষ্যেই কাজ করছে।

- Advertisement -

মঙ্গলবার বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হলে নিজস্ব জ্বালানি উৎস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশের নিজস্ব উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার পথে বাংলাদেশ সোলার এক্সপো একটি উল্লেখযোগ্য উদ্যোগ।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তা, সেবাদানকারী প্রতিষ্ঠান ও তরুণদের অংশগ্রহণ প্রমাণ করে, ব্যয়বহুল কুইক রেন্টাল ব্যবস্থার পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি এখন আর কেবল সম্ভাবনার বিষয় নয়, বরং দেশের ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার অপরিহার্য অংশ।

সৌরবিদ্যুতের প্রসারে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান জানান, এ খাতে ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। আগামী এক বছরের মধ্যে দেশের ১৭ হাজার সেচ পাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সৌরবিদ্যুৎ থেকে বছরে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।

বিগত সময়ে দেশকে আমদানিনির্ভর করে তোলা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে দেশীয় সক্ষমতা বাড়ানো জরুরি। অর্থের অভাবে যাতে সৌরবিদ্যুৎ খাতের উদ্যোক্তারা বিনিয়োগ ও উদ্যোগ থেকে পিছিয়ে না পড়েন, সে জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করছে।

সর্বশেষ