মিরপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর মিরপুরে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারগ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে শ্রমিক ও পুলিশের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সকাল থেকেই পল্লবী ইন্ডাস্ট্রিয়াল এলাকার বিভিন্ন পোশাক কারখানার সামনে কয়েক হাজার শ্রমিক জড়ো হন। তাঁদের অনেকের হাতে লাঠিসোঁটা ছিল। পরে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। পরে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে ধাওয়া-পাল্টাধাওয়া ছড়িয়ে পড়ে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, শ্রমিকদের সড়ক অবরোধ করতে দেওয়া হচ্ছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে। মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকায় তখনো ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল বলে জানান তিনি।

এর আগে গত শনিবার মিরপুরের কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। শুরুতে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ চললেও পরে তা সড়কে ছড়িয়ে পড়ে। পরদিন রোববারও শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ ঘিরে মিরপুরের বিভিন্ন এলাকায় উত্তেজনা তৈরি হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ওই দিন বিক্ষোভের মধ্যে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় এবং কয়েকজনকে আটক করা হয়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও মিরপুরের পোশাকশিল্প এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

সর্বশেষ