ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় নতুন করে সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, প্রয়োজন হলে মাত্র এক ঘণ্টার মধ্যেই ওই স্থাপনায় অভিযান চালাতে সক্ষম মার্কিন সামরিকইরানের পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প বাহিনী।
সোমবার ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ২০২৫ সালে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর পর এবার পিকঅ্যাক্স মাউন্টেনকে লক্ষ্যবস্তু করার প্রয়োজন দেখা দিতে পারে। তার ভাষায়, এটি খুব কঠিন কোনো অভিযান নয়। যুক্তরাষ্ট্র চাইলে এক ঘণ্টার মধ্যেই সেখানে হামলা চালাতে পারে।
ইরানের বিরুদ্ধে আগের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরে ট্রাম্প অভিযোগ করেন, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে এবং সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ইরান এখন সুবিধাজনক অবস্থানে নেই।
তবে ইরানের সঙ্গে চলমান সামরিক সংঘাতকে সরাসরি যুদ্ধ হিসেবে উল্লেখ করতে নারাজ ট্রাম্প। তিনি একে ‘খুবই সীমিত সংঘাত’ হিসেবে বর্ণনা করেন। তার দাবি, ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার ওপর বড় ধরনের আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র।
এদিকে, সোমবার হরমুজ প্রণালির কাছাকাছি ইরানের কেশম দ্বীপে সীমিত পরিসরে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, মার্কিন বিমানের ওপর ইরানের সম্ভাব্য হুমকি মোকাবিলায় আত্মরক্ষার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। পাশাপাশি বাণিজ্যিক জাহাজে হামলা প্রতিরোধেও সম্প্রতি কয়েকটি অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
অন্যদিকে, ইরানের বিভিন্ন সংবাদমাধ্যম কেশম দ্বীপে একাধিক বিস্ফোরণের খবর প্রকাশ করেছে। একই সময়ে হরমুজ প্রণালির আশপাশে পৃথক অভিযানে একটি উন্নত মার্কিন ড্রোন ভূপাতিত এবং আরও দুটি ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
এমন পরিস্থিতিতে পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় নতুন করে হামলার বিষয়ে ট্রাম্পের মন্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করেছে।
সূত্র: শাফাক নিউজ

