মিরপুরে পুলিশের ওপর হামলার অভিযোগ, আ.লীগের ৫ নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক :
spot_img

রাজধানীর মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া এ বিক্ষোভ একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

- Advertisement -

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা পোশাক শ্রমিক নন। তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। তবে আন্দোলনরত শ্রমিকদের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা তাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নন। অন্য কোনো পক্ষ শ্রমিকদের মধ্যে অনুপ্রবেশ করে পুলিশের ওপর হামলা চালিয়েছে। তারা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করছিলেন।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, পুলিশের ওপর হামলার অভিযোগে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে তাদের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সদস্য হিসেবে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ওসি আরও জানান, বিক্ষোভকারীদের প্রধান সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। পরে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিভিন্ন দিক থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে বিক্ষোভকারীরা সড়কে বেঞ্চ ও কাঠ জড়ো করে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশের অভিযানে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।

সর্বশেষ