মোঃ রাকিব চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিরাত (২০) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই নারী শিক্ষার্থী। দুর্ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢালাস ফিলিং স্টেশনের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মুসফিরাত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহত অপর দুই শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীদের বরাত দিয়ে জানা গেছে, তিন শিক্ষার্থী মহাসড়ক পার হওয়ার জন্য ঢাকামুখী লেনে অপেক্ষা করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি লরি সামনে থাকা একটি মিনি বাসকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার আঘাতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর পড়ে। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাইশা। গুরুতর আহত অপর দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে সহপাঠীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন। তাদের অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় পাশে প্রায় ৩০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট তৈরি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকেরা।
বার আউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট মো. শামীম আলম বলেন, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) প্রক্টর অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লরির ধাক্কায় বাস উল্টে তাদের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

