শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পৃথক চিঠি পাঠানো হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (৩ নভেম্বর) চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সেগুলো দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর আইসিটি বিডি মামলা নম্বর ০২/২০২৫-এর রায়ে পলাতক আসামি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই রায়ে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছিল। এ আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়।

চিফ প্রসিকিউটরের কার্যালয়ের পাঠানো স্মারকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, শেখ হাসিনার সম্পত্তি দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া না হলে তিনি সেগুলো ভোগ, বিক্রি কিংবা অন্য কারও কাছে হস্তান্তর করতে পারেন। এতে ট্রাইব্যুনালের দেওয়া সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করা কঠিন হয়ে পড়তে পারে।

এ কারণে তাঁর নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তির বিস্তারিত তালিকা প্রস্তুত করে দ্রুত সরকারি নিয়ন্ত্রণে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের নির্দেশনা অনুযায়ী এসব সম্পদ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের ব্যবস্থাও নিতে বলা হয়েছে।

একই মামলায় দণ্ডিত তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরূপ চিঠি পাঠিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়।

এখন সম্পত্তির তালিকা তৈরি, রাষ্ট্রের নিয়ন্ত্রণ গ্রহণ এবং ক্ষতিপূরণ হিসেবে বণ্টনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরবর্তী পদক্ষেপের অপেক্ষা রয়েছে।

সর্বশেষ