জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে তিনি সমাধিস্থলে উপস্থিত হন।

- Advertisement -

সকাল ৮টার পর তারেক রহমান জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। এ সময় তিনি ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনা করা হয়। দলের শীর্ষস্থানীয় নেতারাও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে রাজধানীতে বড় পরিসরে শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। শনিবার বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে। শোভাযাত্রায় নিজে হেঁটে অংশ নেওয়ার পাশাপাশি নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্রে জানা গেছে, নয়াপল্টন থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। এর রুট নির্ধারণ করা হয়েছে কাকরাইল, প্রধান বিচারপতির বাসভবনের সামনে, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, শোভাযাত্রার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করতে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলো অতিক্রম করে কর্মসূচিটি মানিক মিয়া অ্যাভিনিউতে শেষ হবে।

এদিকে শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমানের অংশগ্রহণের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বেড়েছে। কর্মসূচি সফল করতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন প্রস্তুতি জোরদার করেছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব এসএম জাহাঙ্গীর বলেন, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান শোভাযাত্রায় উপস্থিত থাকবেন। এ কারণে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তারা একটি স্মরণীয় শোভাযাত্রা আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন জানান, কর্মসূচি সফল করতে মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে একাধিক প্রস্তুতি সভা করা হয়েছে। সাংগঠনিকভাবে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণের প্রস্তুতি চলছে।

সর্বশেষ