স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ৭ নভেম্বরের চেতনা মূল প্রেরণা: প্রতিমন্ত্রী মীর হেলাল

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: ১৯৭৫ সালের ৭ নভেম্বরের চেতনা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অন্যতম প্রেরণা বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেছেন, ঐতিহাসিক এই দিনের চেতনা ধারণ করে বহুদলীয় গণতন্ত্র সুসংহত করার পাশাপাশি অর্থনৈতিক মুক্তি, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

- Advertisement -

শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দিনের শুরুতে নগরের নসিমন ভবনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টায় ষোলশহর দুই নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে ১৯৭৫ সালের ৭ নভেম্বরের সিপাহি-জনতার বিপ্লবে আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় তাঁরা শহীদদের স্মরণ করেন। পরে সেখানে রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন বলেন, ১৯৭৫ সালের গভীর সংকটময় মুহূর্তে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছিলেন। ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনাপ্রবাহ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, সেই চেতনা ধারণ করে গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে মানুষের অর্থনৈতিক মুক্তি, সামাজিক সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, যুগ্ম আহ্বায়ক মিয়া ভোলা, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, শাহ আলম, শওকত আজম খাজা, ইয়াসিন চৌধুরী লিটন, আহামেদুল আলম চৌধুরী রাসেল ও শিহাব উদ্দিন মুবিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগর বিএনপির সদস্য ইসকান্দর মির্জা, জাহাঙ্গীর আলম দুলাল, মুজিবুল হক, খোরশেদ আলম, কামরুল ইসলাম, আনোয়ার হোসেন লিপু, জমির আহম্মদ, গাজী আইয়ুব, আবু মুসা, নুর উদ্দিন হোসেন নুরু, মোহাম্মদ আজম, আশরাফুল ইসলাম ও মোহাম্মদ ইউসুফসহ মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সর্বশেষ