সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস নয়, গণতান্ত্রিক অধিকারও অক্ষুণ্ন রাখব: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পাশাপাশি জনগণের গণতান্ত্রিক অধিকার যেকোনো মূল্যে রক্ষা করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

- Advertisement -

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে দেওয়া বক্তব্যে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, স্বাধীনতার পর থেকেই একটি মহল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করার ষড়যন্ত্র করে আসছে। ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নেওয়ার অপচেষ্টাও চালানো হয়েছে। জনগণ অতীতে এসব ষড়যন্ত্রকারী শক্তিকে পরাজিত করেছে। তবে তারা আবারও নতুন করে ষড়যন্ত্রের মাধ্যমে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে।

তিনি বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষায় যেকোনো পরিস্থিতিতে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এটাই হোক এবারের ৭ নভেম্বরের অঙ্গীকার।

প্রধানমন্ত্রী আরও বলেন, যত দিন বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকবে, তত দিন জাতীয় বিপ্লব ও সংহতির চেতনায় এই শোভাযাত্রা অব্যাহত থাকবে।

এর আগে দিবসটি উপলক্ষে শনিবার বিকেল ৩টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। এতে নেতৃত্ব দেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।

শোভাযাত্রাটি কাকরাইল, হেয়ার রোড ও ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করে বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট ও বিজয় সরণি হয়ে মানিক মিয়া এভিনিউয়ে গিয়ে শেষ হয়।

পরে বিকেল সাড়ে ৪টার দিকে মানিক মিয়া এভিনিউয়ে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন তারেক রহমান।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সর্বশেষ