ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির পথ অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে শেখ হাসিনার কিছু মৌলিক অধিকার সংবিধান অনুযায়ী স্থগিত থাকতে পারে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়ে একটি আবেদন জমা পড়ার বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, সরকার তাকে দেশে ফিরিয়ে আনতে চায়। তবে কী প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনা হবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ বিষয়। এ ক্ষেত্রে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফেরানোর ব্যবস্থা করতে হবে।
তিনি আরও জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্টের জন্য আবেদন করেননি। একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে এ বিষয়ে অনুরোধ জানানো হয়েছে। পাসপোর্ট পাওয়ার এই উদ্যোগের পেছনে কোনো কৌশল রয়েছে কি না, তা সরকার খতিয়ে দেখবে।
সংবাদ সম্মেলনে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়েও কথা বলেন ডা. জাহেদ উর রহমান। তিনি জানান, ডিসেম্বরের মধ্যেই গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি চূড়ান্ত করার পরিকল্পনা রয়েছে।
এদিকে দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তথ্য উপদেষ্টা বলেন, এসব নাশকতামূলক কর্মকাণ্ডের পেছনে থাকা মাফিয়া গোষ্ঠীর অর্থায়ন এখনো বন্ধ হয়নি। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার বিষয়ে সরকার কাজ করছে।
তিনি আশ্বস্ত করেন, নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

