মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:চট্টগ্রাম নগরীর পাহাড়তলী ওয়্যারলেস কলোনিতে ১৬ বছর বয়সী কিশোর মোহাম্মদ হৃদয়কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুলিশের তালিকাভুক্ত অপরাধী ও স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মহিদুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
মামলার তদন্তের স্বার্থে ওয়াকিল হোসেন বগাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৯ অক্টোবর একই আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, পাহাড়তলীতে কিশোর হৃদয় হত্যা মামলায় ওয়াকিল হোসেন বগার ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাতে পাহাড়তলী ওয়্যারলেস কলোনির বাসা থেকে ডেকে নিয়ে হৃদয়কে ছুরিকাঘাতে হত্যা করা হয়। স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার কয়েক দিন আগে গ্যাংয়ের কয়েকজন সদস্যের সঙ্গে হৃদয়ের বিরোধ তৈরি হয়। এর জের ধরে তাকে বাসা থেকে ডেকে রাস্তায় নিয়ে প্রথমে কান কেটে দেওয়া হয়। পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে, ওই এলাকায় ‘৫জি’ ও ‘৭জি’ নামে দুটি কিশোর গ্যাং সক্রিয় রয়েছে। ভ্যানগাড়িতে সবজি বিক্রি করতেন হৃদয়। তিনি ‘৫জি’ গ্রুপের সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, ‘৭জি’ গ্রুপের সদস্যরা তাকে হত্যা করে।
পুলিশের দাবি, এসব কিশোর গ্যাংয়ের কার্যক্রমের সঙ্গে ওয়াকিল হোসেন বগার সংশ্লিষ্টতা রয়েছে। তিনি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পরে দল থেকে তাকে বহিষ্কার করা হয়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের ভূমিকা নিশ্চিত করতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

