রাজনৈতিক হয়রানির ২৪ হাজারের বেশি মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করেছে সরকার। রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়রানিমূলক মামলা শনাক্ত ও প্রত্যাহারের প্রক্রিয়া আরও গতিশীল করতে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে পৃথক কমিটি গঠন করা হয়েছে। কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে বলে প্রমাণিত হলে সেটি প্রত্যাহারে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

কেরামত আলী তাঁর প্রশ্নে জানতে চান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মিথ্যা ও রাজনৈতিক মামলাগুলো নিষ্পত্তি না হওয়ায় এখনো অনেক মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ কী এবং কবে নাগাদ তা সম্পন্ন হবে, সে বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা রয়েছে কি না।

জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক বিবেচনায় দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি জানান, এ উদ্যোগের অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে চার সদস্যের কমিটি গঠন করা হয়। এসব কমিটি সংশ্লিষ্ট মামলার আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত অনুলিপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে।

আইনমন্ত্রী বলেন, কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা হয়েছে কি না, সেটি পরিচালনা করা জনস্বার্থে প্রয়োজনীয় কি না এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় যাচাই করে জেলা কমিটিগুলো মামলা প্রত্যাহারের সুপারিশ করে।

জেলা পর্যায়ের সুপারিশগুলো যাচাই-বাছাই ও সমন্বয়ের মাধ্যমে প্রত্যাহার কার্যক্রম পরিচালনার জন্য ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে।

আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে কোনো মামলা রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রমাণিত হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে এসব মামলায় আইনি জটিলতা ও হয়রানির মধ্যে থাকা ব্যক্তিদের জন্য মামলা প্রত্যাহারের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ