প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এলজিইডিকে ক্যাডারভুক্ত করা হবে: শাহে আলম

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : প্রকৌশলীদের দীর্ঘদিনের দাবি পূরণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) ক্যাডারভুক্ত করার উদ্যোগ এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুশাসন রয়েছে জানিয়ে তিনি বলেন, ক্যাডারভুক্তির প্রস্তাব প্রাথমিকভাবে প্রি-একনেক সভায় অনুমোদন পেয়েছে।

- Advertisement -

আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, উপজেলা প্রকৌশলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের উপস্থিতিতে এলজিইডিকে ক্যাডারভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর আশ্বাস পাওয়া গেছে। এরই মধ্যে এ সংক্রান্ত কার্যক্রম অনেক দূর এগিয়েছে।

নবীন প্রকৌশলীদের উদ্দেশে মীর শাহে আলম বলেন, কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তাঁরা দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন সংস্থায় কাজ করার সুযোগ পেয়েছেন। এই সুযোগ কাজে লাগিয়ে মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ, পররাষ্ট্র, ভ্যাটসহ অন্য ক্যাডারে চলে না গিয়ে প্রকৌশলীদের নিজেদের পেশাগত ক্ষেত্রেই মেধা ও যোগ্যতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

এলজিইডির চলমান উন্নয়ন কর্মকাণ্ডের পরিসংখ্যান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে এ অধিদপ্তরের মাধ্যমে সারা দেশে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকার উন্নয়নকাজ চলছে। পাশাপাশি আরও ৯০ হাজার কোটি টাকার প্রকল্প পাইপলাইনে রয়েছে। আগামী তিন থেকে চার বছরে এসব প্রকল্প মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হবে।

এত বড় অঙ্কের সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রকৌশলীদের সর্বোচ্চ সতর্কতা ও জবাবদিহি নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। কোনো পক্ষ যেন প্রভাব খাটিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে না পারে, সে বিষয়ে নবীন প্রকৌশলীদের সচেতন থাকার পরামর্শ দেন।

তিনি বলেন, জনগণের অর্থে নির্মিত অবকাঠামো দীর্ঘস্থায়ী হতে হবে এবং সেগুলো থেকে মানুষ যেন প্রকৃত সুফল পায়, তা নিশ্চিত করতে হবে। নির্মাণকাজের গুণগত মান শতভাগ বজায় রাখার পাশাপাশি ঠিকাদারদের সঙ্গে পেশাদার সম্পর্ক রাখতে হবে। কোনো ধরনের অবহেলা বা শৈথিল্য না দেখিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সরকারের ব্যয় সংকোচন নীতির কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মিতব্যয়ী মনোভাব নিয়ে মাঠপর্যায়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে উন্নয়ন কর্মকাণ্ডে গতি আনা বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে নবনিযুক্ত প্রকৌশলীদের মধ্যে নারীর উল্লেখযোগ্য উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন। এ ছাড়া মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া ১৭৬ জন নবনিযুক্ত সহকারী প্রকৌশলী উপস্থিত ছিলেন।

সর্বশেষ