কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশেষ প্রতিবেদক :
spot_img

বিশেষ প্রতিবেদক: জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সঙ্গে রয়েছেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে তাঁর।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্ক প্রজাতন্ত্রের সংস্কৃতি ও পর্যটনবিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এস এম আব্দুল আউয়াল এবং পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ। এ ছাড়া বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। পথে তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি করেন তিনি। পরে টার্কিশ এয়ারলাইনসের অন্য একটি ফ্লাইটে আন্তালিয়ায় পৌঁছান।

সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তিনি।

সম্মেলনের ফাঁকে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এসব বৈঠকে জলবায়ু সহযোগিতার পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

প্রধানমন্ত্রীর এ সফরকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের অবস্থান তুলে ধরা এবং বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ