ইসরায়েলের ক্ষমতার পালাবদলের আভাস, চাপে নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইসরায়েলের রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের ক্ষমতা ধরে রাখার লড়াইয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর দেশটির রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার পালাবদলের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

- Advertisement -

আইজেনকট নতুন সরকার গঠন করতে পারলে ক্ষমতা ছাড়তে হতে পারে নেতানিয়াহুকে। শুধু তাই নয়, লিকুদ পার্টির নেতৃত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে। ফলে দলটির অভ্যন্তরেও বাড়ছে উদ্বেগ।

ইসরায়েলের ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন ৬১ জন আইনপ্রণেতার সমর্থন। বর্তমানে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসন ৫৩টি। তার দল লিকুদ পার্টির রয়েছে ২৭টি আসন। অন্যদিকে বিরোধী জোটের আসন ৪৮টি এবং আরব দলগুলোর দখলে রয়েছে ১৯টি আসন। এই সমীকরণে সরকার গঠনের লড়াই বেশ জটিল হয়ে উঠেছে।

গত রোববার সন্ধ্যায় প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ আনুষ্ঠানিকভাবে আইজেনকটের হাতে সরকার গঠনের দায়িত্ব তুলে দেন। এ জন্য তাকে প্রাথমিকভাবে ২৮ দিন সময় দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে।

আইজেনকটের সরকার গঠনের উদ্যোগ ব্যর্থ করতে ইতোমধ্যে রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন নেতানিয়াহু। বিশেষ করে অতি-রক্ষণশীল ইহুদি দলগুলো যেন বিরোধী জোটে যোগ না দেয়, সে চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে আরব দলগুলোর সমর্থনের ওপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতাও করছেন।

তবে বিশ্লেষকদের ধারণা, আইজেনকটের সরকার গঠনের পথ আটকে দিতে পারলেও নেতানিয়াহুর নিজের জন্য সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করা সহজ হবে না। চ্যানেল ১৪-এর বিশ্লেষক এফরাত ব্রেনারের মতে, ইউনাইটেড তোরাহ জুডাইজম ও শাস পার্টিকে আইজেনকটের জোটে যোগ দেওয়া থেকে বিরত রাখা সম্ভব হলেও নেতানিয়াহুর পক্ষে ৬১ জন আইনপ্রণেতার সমর্থন জোগাড় করা কঠিন।

এদিকে সংবাদমাধ্যম মারিভের বিশ্লেষক আন্না বারস্কি জানিয়েছেন, নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে লিকুদ পার্টির নেতাদের মধ্যেও সংশয় তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দলটির একাংশ এখন কার্যত কোনো অলৌকিক পরিবর্তনের অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে দুর্নীতির মামলাও নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলতে পারে। তাকে পুনরায় সরকার গঠনের দায়িত্ব পাওয়া থেকে বিরত রাখতে অভিযুক্ত আইনপ্রণেতাদের বিষয়ে বিধিনিষেধ আরোপের একটি প্রস্তাবিত আইন নিয়েও আলোচনা চলছে।

সব মিলিয়ে ইসরায়েলের রাজনীতিতে এখন বড় প্রশ্ন—নেতানিয়াহু কি শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখতে পারবেন, নাকি আইজেনকটের হাত ধরে দেশটিতে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হবে। আইজেনকটের সরকার গঠনের প্রচেষ্টার সাফল্যের ওপরই অনেকটা নির্ভর করছে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ।

সূত্র: আনাদোলু এজেন্সি

সর্বশেষ