চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের কিছু পুরোনো কাগজপত্র পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বারখাইন এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাটিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকের নিচতলার জানালার ভাঙা অংশ দিয়ে ককটেল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেয়। এ সময় ব্যাংকে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীরা আগুন দেখতে পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনেন। ফলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। তবে এতে কিছু পুরোনো নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ব্যাংকের নিচতলায় কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক নিয়মে দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে ঘটনার বিষয়ে তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।
গ্রামীণ ব্যাংকের বারখাইন শাখার ব্যবস্থাপক আনিক বিন রশীদ জানান, এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। তবে ব্যাংকে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, নাকি শুধু অগ্নিসংযোগ করা হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা ব্যাংকটিতে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হঠাৎ এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে ব্যাংকটিতে হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

