নতুন ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করল ইরান, শত্রুপক্ষকে চমকে দেওয়ার হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

নিজেদের সামরিক সক্ষমতা আরও একবার সামনে আনল ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করা হয়েছে। নতুন এই সামরিক স্থাপনা পরিদর্শন করে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও যুদ্ধপ্রস্তুতি পর্যালোচনা করেছেন।

- Advertisement -

আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভিকে সঙ্গে নিয়ে স্থাপনাটি পরিদর্শন করেন ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি। এ সময় তিনি বাহিনীর সর্বাধুনিক সামরিক প্রযুক্তি ও অর্জন সম্পর্কে খোঁজখবর নেন এবং কৌশলগত প্রস্তুতি মূল্যায়ন করেন।

পরিদর্শনকালে ইরানের সামরিক বাহিনীর এই শীর্ষ কর্মকর্তা দাবি করেন, যুদ্ধক্ষেত্রে ইরানের উন্নত ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিপক্ষকে বিস্মিত করে দেবে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও সামরিক প্রস্তুতির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

এদিকে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচনের দিনই ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতি নিয়ে বক্তব্য দেন আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলি বালালি।

তিনি দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র শিল্প এখন স্বনির্ভরতা অর্জন করেছে। নিজস্ব প্রযুক্তি ও নকশা উদ্ভাবনের ক্ষেত্রে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলেও জানান তিনি। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র নকশার ঐতিহ্যবাহী কার্পেট শিল্পের সৃজনশীলতাকেও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেন এই সামরিক কর্মকর্তা।

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার আরেকটি দিক তুলে ধরে আলি বালালি জানান, দেশটির ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের রাডার থেকে নির্গত তরঙ্গ শনাক্ত করে তা অনুসরণ করতে পারে। এর মাধ্যমে নির্দিষ্ট রাডার ব্যবস্থাকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ধ্বংস করার সক্ষমতা রয়েছে বলে দাবি করেন তিনি।

নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন এবং সামরিক কর্মকর্তাদের এসব বক্তব্যের মধ্য দিয়ে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তিগত অগ্রগতির বার্তা দিয়েছে তেহরান। তবে ইরানের এসব সামরিক সক্ষমতা নিয়ে স্বাধীনভাবে যাচাই করা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: আল মায়াদিন

সর্বশেষ