চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্যামল প্রসাদ দেওয়ানজি (৬৬), কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য নাজিম উদ্দিন (৩৮) ও মোহাম্মদ হোসেন খোকন (৪৩), জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগের কর্মী রানা শেখ (২৮) এবং ওসমানপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম (৫০)।
পুলিশ জানায়, ২০২৪ সালের ১৮ অক্টোবর জোরারগঞ্জ থানায় দায়ের করা একটি মামলার তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের নাম উঠে আসে। এর ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে মঙ্গলবার ভোরে পৃথক অভিযান চালানো হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, ২০২৪ সালে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

