বিশেষ প্রতিবেদক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফরের প্রথম দিনেই দুই দেশের শীর্ষ নেতার এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক বৈশ্বিক সম্মেলন কপ-৩১-এর আনুষ্ঠানিক উদ্বোধনের আগের দিন দুই দেশের সরকারপ্রধানের মধ্যে এ উচ্চপর্যায়ের আলোচনা শুরু হলো। বৈঠকটি দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
এর আগে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তাঁর এ সফর। সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
আগামীকাল বুধবার জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এসব আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারের সুযোগ তৈরি হবে।

