বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ ঠেকাতে দেশজুড়ে বাড়তি নজরদারির নির্দেশ আইজিপির

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা বেড়ে যাওয়ায় আইনশৃঙ্খলা রক্ষায় সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করছে পুলিশ। এসব নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে টহল, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে কয়েকটি জেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

- Advertisement -

মঙ্গলবার (১০ নভেম্বর) পুলিশ সদর দপ্তরে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এসব নির্দেশনা দেন আইজিপি।

বৈঠকে সব মহানগর পুলিশ কমিশনার, পুলিশের বিভিন্ন রেঞ্জের ডিআইজি এবং জেলার পুলিশ সুপাররা যুক্ত ছিলেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ে পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন আইজিপি।

রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) কামারুম মুনিরা জানান, বৈঠকে যে কোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছেন আইজিপি। এ জন্য নিয়মিত টহলের পাশাপাশি সন্দেহজনক স্থানে তল্লাশি এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে বলা হয়েছে।

আইজিপি দুষ্কৃতকারীদের শনাক্ত করে পেশাদারিত্বের সঙ্গে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন। তবে অপরাধ দমনের নামে কোনো নিরপরাধ সাধারণ মানুষ যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলেছেন তিনি।

বৈঠকে গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও ফরিদপুরে বিশেষ গুরুত্ব দিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত তিন দিনে দেশের বিভিন্ন স্থানে ২৭টি ককটেল বিস্ফোরণ এবং ১৯টি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১১টি মামলা হয়েছে। এ ছাড়া জড়িত সন্দেহে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাম্প্রতিক এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশজুড়ে নিরাপত্তা জোরদার এবং নাশকতা প্রতিরোধে মাঠপর্যায়ের পুলিশকে আরও সক্রিয় করার উদ্যোগ নিয়েছে পুলিশ সদর দপ্তর।

সর্বশেষ