রাজধানীর মিরপুরে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত কর্মী ও যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে মিরপুর-২ এলাকায় মিছিল করার প্রস্তুতিকালে ছাত্রলীগের সাত কর্মীকে গ্রেপ্তার করা হয়। একই রাতে নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগের এক নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে মিরপুর-২ এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন কর্মী মিছিল বের করার চেষ্টা করছিলেন। এ সময় মিরপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করে।
এদিকে, মিরপুর মডেল থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একই থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, পৃথক অভিযানে গ্রেপ্তার হওয়া আটজনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

