জাতিসংঘের কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্ক যাওয়ার পথে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক এম. মোশাররফ হোসাইন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে হঠাৎ তীব্র ঝাঁকুনি ও বিমানের উচ্চতা অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। একপর্যায়ে যাত্রীদের চিৎকার, কান্না ও আর্তনাদে বিমানের ভেতরে তৈরি হয় ভীতিকর পরিবেশ।
শুক্রবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে ওই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।
সাংবাদিক এম. মোশাররফ হোসাইন জানান, গত ৯ নভেম্বর রাত ১০টার দিকে কাতার এয়ারওয়েজের QR643 ফ্লাইটে ঢাকা থেকে কাতার হয়ে তুরস্কের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। কপ-৩১ জলবায়ু সম্মেলনে পেশাগত দায়িত্ব পালনের জন্য ছিল তার এই সফর।
তবে উড্ডয়নের মাত্র ২০ মিনিটের মধ্যেই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ প্রচণ্ড ঝাঁকুনি ও দুলুনিতে কেঁপে ওঠে বিমানটি। একই সঙ্গে প্রায় ৯ হাজার ফুট উচ্চতা থেকে নেমে প্রায় সাড়ে ৪ হাজার ফুটে চলে আসে উড়োজাহাজটি। আকস্মিক এ পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। অনেকেই চিৎকার ও কান্নাকাটি শুরু করেন। কেউ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে থাকেন, আবার অনেকে ভয়ে নির্বাক হয়ে যান।
এম. মোশাররফ হোসাইনের ভাষ্য অনুযায়ী, ওই মুহূর্তে অনেক যাত্রীর চোখেমুখে ছিল মৃত্যুভয়। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে প্রিয়জনদের কথা মনে পড়ছিল সবার। পুরো বিমানের পরিবেশ হয়ে উঠেছিল অত্যন্ত উদ্বেগজনক।
তবে শেষ পর্যন্ত পাইলটের দক্ষতা ও তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ধীরে ধীরে স্বাভাবিক হয় বিমানের অবস্থা। পরে ফ্লাইটটি নিরাপদে কাতারে অবতরণ করে। এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার পর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, জীবনের নিরাপত্তার চেয়ে বড় কোনো অর্জন বা পেশাগত সাফল্য হতে পারে না। মাঝ আকাশের সেই ভয়াবহ অভিজ্ঞতা তাকে নতুন করে জীবনের মূল্য উপলব্ধি করতে শিখিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে এম. মোশাররফ হোসাইন কপ-৩১ জলবায়ু সম্মেলনে অংশ নিতে তুরস্কে অবস্থান করছেন।

