যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন মিশিগান থেকে নির্বাচিত ডেমোক্র্যাট নেতা আবদুল এল-সাইয়েদ। আগামী বছরের জানুয়ারিতে শপথ অনুষ্ঠানে পবিত্র কোরআন হাতে রাখার পরিকল্পনা করছেন তিনি। তবে এ জন্য কোন কোরআনের কপি বেছে নেবেন, তা এখনো চূড়ান্ত করেননি নবনির্বাচিত এই সিনেটর।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ন্যাশনাল পাবলিক রেডিওর (এনপিআর) উপস্থাপক লেইলা ফাদেলের সঙ্গে এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানান এল-সাইয়েদ। তিনি বলেন, শপথ নেওয়ার সময় সম্ভবত কোরআনের ওপর হাত রাখবেন। তবে কোন সংস্করণটি ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি।
এ জন্য দুটি ঐতিহাসিক কোরআনের কপি বিবেচনায় রেখেছেন তিনি। এর একটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহে থাকা কোরআন। অন্যটি মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত একটি প্রাচীন কপি, যেটিকে অঙ্গরাজ্যটির প্রথম কোরআন বলে মনে করা হয়।
এল-সাইয়েদ বলেন, মিশিগান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত কোরআনটি অনেক পুরোনো। সেটিই শপথ অনুষ্ঠানে ব্যবহারের জন্য বেছে নিতে পারেন তিনি।
এর আগে ২০০৭ সালে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার সময় সাবেক কংগ্রেস সদস্য কিথ এলিসন টমাস জেফারসনের ব্যক্তিগত সংগ্রহের কোরআন ব্যবহার করেছিলেন। এর মধ্য দিয়ে কোরআন হাতে শপথ নেওয়া প্রথম মার্কিন আইনপ্রণেতা হিসেবে ইতিহাস গড়েন তিনি।
গত ৩ নভেম্বর মিশিগান অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করেন ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদ। এই জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন তিনি।
আগামী জানুয়ারিতে নবনির্বাচিত সিনেটরদের শপথ পড়ানোর কথা রয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের।
শপথ অনুষ্ঠানে ধর্মীয় গ্রন্থ ব্যবহারের বিষয়টি নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন এল-সাইয়েদ। তাঁর মতে, নির্বাচিত জনপ্রতিনিধিদের আনুগত্যের শপথ কোনো ধর্মীয় গ্রন্থের প্রতি নয়, বরং যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রতি।
তিনি বলেন, একজন জনপ্রতিনিধির নাম কিংবা প্রার্থনার ধরন মুখ্য নয়। শপথের মূল বিষয় হচ্ছে সংবিধানের প্রতি আনুগত্য ও দায়িত্ব পালনের অঙ্গীকার।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের সময় কোনো ধর্মীয় গ্রন্থ ব্যবহার বাধ্যতামূলক করা হয়নি।
সূত্র: আল-আরাবিয়া।

