ইরানের ৪৪০ টন নয়, ৪৪০ কেজি ইউরেনিয়ামের হদিস পাচ্ছে না জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। দেশটির কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারছে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। এসব ইউরেনিয়াম শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হচ্ছে, নাকি অন্য কোনো উদ্দেশ্যে সরিয়ে নেওয়া হয়েছে, তা যাচাই করার মতো পর্যাপ্ত তথ্যও সংস্থাটির হাতে নেই।

- Advertisement -

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সহযোগিতা না পাওয়ায় দেশটির পরমাণু উপাদানের মজুত, অবস্থান ও ব্যবহারের বিষয়ে স্বাধীনভাবে পর্যবেক্ষণ চালাতে পারছে না আইএইএ। শুক্রবার (১৩ নভেম্বর) প্রকাশিত সংস্থাটির এক গোপন প্রতিবেদনে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ঘোষিত পরমাণু উপাদান শান্তিপূর্ণ কর্মকাণ্ডের বাইরে অন্য কোনো কাজে স্থানান্তর করা হয়নি—এমন নিশ্চয়তা দেওয়ার মতো তথ্য পাওয়া যায়নি। বিশেষ করে ইসফাহানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের একটি স্থাপনা নিয়ে উদ্বিগ্ন আইএইএ। স্থাপনাটির বিষয়ে ইরান আগে তথ্য দিলেও এখন পর্যন্ত সেখানে পরিদর্শনের অনুমতি দেয়নি। ফলে স্থাপনাটির অবস্থান, কার্যক্রম এবং সেখানে কোনো পরমাণু উপাদান মজুত রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া সম্ভব হচ্ছে না।

এর আগে ২০২৫ সালের জুনে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ১২ দিনের সামরিক অভিযানে ইরানের একাধিক গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়। এসব হামলায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বেশ কয়েকটি কেন্দ্র ধ্বংস অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই আন্তর্জাতিক পরিদর্শকদের এসব স্থাপনায় প্রবেশের অনুমতি দেওয়া বন্ধ রেখেছে তেহরান। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া নতুন যুদ্ধেও ইরানের পরমাণু অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

আইএইএর হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুনে হামলার আগে ইরানের কাছে প্রায় ৪৪০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ছিল। পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী ইউরেনিয়ামের সমৃদ্ধির মাত্রা সাধারণত ৯০ শতাংশের কাছাকাছি হয়ে থাকে। তবে সামরিক হামলার পর থেকে ওই বিপুল পরিমাণ ইউরেনিয়াম কোথায় রয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য সংগ্রহ করতে পারেনি সংস্থাটি।

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি প্রতিবেদনে বলেছেন, ইরানের পরমাণু উপাদান যাচাইয়ের কাজ আর বিলম্ব না করে শুরু করা প্রয়োজন। এ জন্য আন্তর্জাতিক পরিদর্শকদের পুনরায় ইরানে প্রবেশের সুযোগ তৈরি করতে দেশটির প্রতি ধাপে ধাপে প্রয়োজনীয় কারিগরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে তেহরানের অবস্থান ভিন্ন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে সামরিক হামলার হুমকি অব্যাহত থাকায় এ মুহূর্তে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে আলোচনা সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। যদিও পরিস্থিতি অনুকূলে এলে পরমাণু নিরাপত্তা-সংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা সম্পূর্ণভাবে পালনের প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।

এদিকে ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে তথ্য সরবরাহকারীদের জন্য ২ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার মার্কিন ঘোষণারও তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান। এ বিষয়ে ইরানের উদ্বেগের পরিপ্রেক্ষিতে আইএইএ জানিয়েছে, তাদের কাছে সংরক্ষিত সব গোপনীয় তথ্যের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।

সব মিলিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশাধিকার না থাকা এবং বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের অবস্থান অনিশ্চিত হয়ে পড়ায় দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়ছে।

সর্বশেষ