মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুতগতিতে বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, নগরীর মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের প্রস্তাব এলে তা অনুমোদনের ব্যবস্থা করতে তিনি নিজে উদ্যোগ নেবেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে নগরের লালখান বাজার মোড়ে নবনির্মিত ফুটওভার ব্রিজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের ভূমিকা প্রশংসনীয়। বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন দায়িত্ব গ্রহণের পর থেকে নগরীর উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন। চট্টগ্রামকে নতুনভাবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, লালখান বাজার ও ইস্পাহানি মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। এ দাবিতে প্রধান অতিথি ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে একসময় মানববন্ধনও অনুষ্ঠিত হয়েছিল। অবশেষে ফুটওভার ব্রিজ চালুর মাধ্যমে সেই দাবি পূরণ হয়েছে।
তিনি আরও জানান, আগামী ডিসেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএর বাস্তবায়িত তিনটি বড় প্রকল্প উদ্বোধন করবেন। এগুলো হলো শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক, আউটার রিং রোড এবং কালুরঘাট থেকে চাক্তাই সংযোগ সড়ক। প্রকল্পগুলো চালু হলে নগরীর সড়ক যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সিডিএ সূত্রে জানা যায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প প্রকল্পের অর্থায়নে লালখান বাজার মোড়ে নির্মিত ফুটওভার ব্রিজটির দৈর্ঘ্য ৩৯ দশমিক ৪২ মিটার এবং প্রস্থ প্রায় ২ দশমিক ৫ মিটার। সড়ক থেকে এর উচ্চতা প্রায় ৬ দশমিক ১ মিটার। পথচারীদের নিরাপদে ওঠানামার সুবিধার্থে এতে তিনটি প্রবেশ ও বের হওয়ার পথ রাখা হয়েছে।
শহীদ ওয়াসিম আকরাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিডিএ সচিব নুর-এ জান্নাত রুমিসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুস সাত্তার, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, মহানগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম এবং উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরোয়ার উদ্দিন সেলিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা অনুষ্ঠানে অংশ নেন।

