স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম নির্বিঘ্নে দুর্গোৎসব হয়েছে: অপর্ণা রায়

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর দেশে ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অপর্ণা রায়। তাঁর দাবি, স্বাধীন বাংলাদেশে এবারই প্রথম দুর্গাপূজা ও শ্যামাপূজা নির্বিঘ্নে উদযাপিত হয়েছে। এসব উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকারের বিভিন্ন বাহিনী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএনপির নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করেছেন।

- Advertisement -

শনিবার চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপর্ণা রায় বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। একই সঙ্গে ধর্মীয় সংখ্যালঘুদের মনেও নতুন আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দুর্গাপূজা ও শ্যামাপূজা নির্বিঘ্নে উদযাপনে সরকারের বিভিন্ন বাহিনী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং বিএনপির নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন।

তিনি বলেন, ১৯৭১ সালে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে নির্বিঘ্নে পূজা উদযাপনের ব্যবস্থা করায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এবং দেশের সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান অপর্ণা রায়। একই সঙ্গে ভবিষ্যতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

শ্রী কমল কুমার ত্রিবেদীর সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন তরুণ কুমার সাহা। এতে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সদস্য সুভাষ চন্দ্র দাস, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক মো. তোসিকুল ইসলাম, ইউসুফ আলী, জেলা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়া, ফারুক হোসেন, আবেদ হোসেন, জেলা ছাত্রদলের সদস্যসচিব আখতারুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের চাঁপাইনবাবগঞ্জ জেলা আহ্বায়ক শ্রী মহন্ত হালদার ও সদস্যসচিব সঞ্জীব সাহাসহ স্থানীয় নেতারা।

সর্বশেষ