মোবাইল ফোনে আ. লীগ পুনর্বাসনের বার্তা, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাংগীর আলমের মোবাইল ফোনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা-সংক্রান্ত বার্তা পাওয়ার অভিযোগ উঠেছে। আগামী ডিসেম্বরের মধ্যে ক্ষমতাচ্যুত দলটিকে আবার সংগঠিত করার পরিকল্পনার পাশাপাশি জীবন বাজি রেখে মাঠে নামার কথাও উল্লেখ ছিল ওই বার্তায়। এসব তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান। ডিআইজি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মোবাইল ফোনে পাওয়া বার্তার সূত্র ধরে এসপি জাহাংগীর আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।’

তিনি জানান, অভিযোগ পাওয়ার পর প্রাথমিক অনুসন্ধান করে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়। এরপর নিয়মিত মামলা করা হয়েছে। এখন প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাকে সাময়িক বরখাস্ত এবং বিভাগীয় মামলা করার বিষয়টিও বিবেচনাধীন।

এসপি জাহাংগীর আলমের সঙ্গে পুলিশের অন্য কোনো কর্মকর্তা জড়িত কি না, এমন প্রশ্নে ডিআইজি বলেন, নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত-দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে অন্য কারও সংশ্লিষ্টতা থাকলে তা বেরিয়ে আসবে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই আপাতত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ফরেনসিক পরীক্ষায় মিলেছে তথ্য

মোবাইল ফোনে পাওয়া বার্তাগুলোর তথ্য কীভাবে উদঘাটিত হয়েছে, সে বিষয়ে ডিআইজি জানান, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর এসপি জাহাংগীর আলমের মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার উদ্যোগ নেওয়া হয়।

পুলিশের অভিযোগ, আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন জাহাংগীর আলম। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ সূত্র জানায়, শনিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন। পরে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে শনিবার দিবাগত রাতে নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইনস অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

আগেই জব্দ করা হয়েছিল দুই মোবাইল ফোন

এ ঘটনায় গত ১০ নভেম্বর এসপি জাহাংগীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষার জন্য ফোন দুটি ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।

একই সঙ্গে অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে। তদন্তের অগ্রগতির ভিত্তিতেই পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

গ্রেপ্তার মোহাম্মদ জাহাংগীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ