সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, সীমান্তে বেড়া নির্মাণের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে মাদক চোরাচালান বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার বর্ডার ফেন্সিং নির্মাণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদক নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে তারা দৃঢ়প্রতিজ্ঞ। পাশাপাশি মাদক প্রতিরোধে সীমান্ত নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

সভাপতি জয়নুল আবেদীন মাদক উৎপাদন, সরবরাহ ও পাচারের উৎস শনাক্ত করে সেগুলো নির্মূলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আর্থিক নেটওয়ার্ক এবং অপরাধলব্ধ অর্থের লেনদেন তদন্তেরও সুপারিশ করেন তিনি।

বৈঠকে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। উন্নত দেশগুলোর আদলে সীমান্তে অত্যাধুনিক নজরদারি ব্যবস্থা চালুর পাশাপাশি ড্রোন প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

অন্যদিকে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনী বা সরকারের একক উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ। মাদকের বিস্তার রোধে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধ দমনে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দ্রুত নিশ্চিত করার সুপারিশ করা হয়। একই সঙ্গে মাদক প্রবেশের ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকা ও চোরাচালানের রুট চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের বিষয়টি পর্যালোচনা করা হয়।

এ ছাড়া মাদক পাচার বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্ট গার্ড, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মধ্যে সমন্বয় বাড়িয়ে যৌথ নজরদারি ও অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সংসদ সদস্য মো. কামরুজ্জামান, মনোয়ার হোসেন ও শিরীন সুলতানাসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

সর্বশেষ