গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনীতে পদায়ন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের উপসচিব তৌহিফ আহমেদ। এতে বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তার কর্মস্থল পরিবর্তনের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, ফেনী জেলার বর্তমান পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে গোপালগঞ্জের পুলিশ সুপার মোহা. হাবিবুল্লাহকে ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

