মো.মোক্তার হোসেন বাবু, চট্টগ্রাম:পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।
পুলিশের জেলা পর্যায়ের নেতৃত্বেও পরিবর্তন আনা হয়েছে। পৃথক প্রজ্ঞাপনে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়। এতে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

