ঢাকাসহ তিন শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, মোতায়েন ৩৫ প্লাটুন বিজিবি

নিজস্ব প্রতিবেদক :
spot_img

শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ৩৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছেন।

- Advertisement -

রোববার (১৫ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে সবচেয়ে বেশি ১৮ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সদস্যরা কাজ করছেন। পাশাপাশি পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরে একটি মনিটরিং সেল সক্রিয় রয়েছে। প্রযুক্তির সহায়তায় ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইম্প্রোভাইজড ডিভাইসের লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং শিল্পাঞ্চলে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতেই এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সর্বশেষ