যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা কিংবা নতুন করে সামরিক সংঘাত—দুই পরিস্থিতি মোকাবিলায় ইরান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। একই সঙ্গে ওয়াশিংটনকে সতর্ক করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নিলে পাল্টা জবাবের ধরন ও সংঘাতের ভৌগোলিক সীমা নির্ধারণ করবে ইরানের সশস্ত্র বাহিনী।
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র আলোচনা করতে চায় নাকি যুদ্ধের পথে হাঁটতে চায়, তা নিয়ে তেহরানের কোনো উদ্বেগ নেই। তবে ওয়াশিংটন ইরানের দেওয়া সাতটি শর্ত মেনে নিলে এখনো সমঝোতার সুযোগ রয়েছে। তার দাবি, এসব শর্ত যৌক্তিক।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এবার কোনো ভুল পদক্ষেপ নিলে তার পরিণতি কী হবে, তা ইরানের সামরিক বাহিনী নির্ধারণ করবে। যুদ্ধ ও শান্তির মাঝামাঝি অনিশ্চিত পরিস্থিতিতে ইরান আর থাকতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় নতুন করে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবারের পর শনিবার (১৪ নভেম্বর) দ্বিতীয় দফায় একই স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের রিফা বিমান ও হেলিকপ্টার ঘাঁটিতে থাকা মার্কিন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার রাডার লক্ষ্য করে ড্রোন হামলা চালায় আইআরজিসির বিমানবাহিনী। এ হামলায় ছয়টি ড্রোন ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। তবে হামলার ফলে স্থাপনাটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানানো হয়নি।
আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার দ্বিতীয় পর্যায়ের অংশ হিসেবে রিফা হেলিকপ্টার ঘাঁটির মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সব মিলিয়ে একদিকে আলোচনার সম্ভাবনা খোলা রাখার কথা বলছে তেহরান, অন্যদিকে সামরিক প্রস্তুতি ও পাল্টা হামলার হুঁশিয়ারিও অব্যাহত রেখেছে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা নতুন করে কোন দিকে মোড় নেয়, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সূত্র: আলজাজিরা, ফার্স নিউজ এজেন্সি।

