বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে বিস্ফোরণ, ড্রোন হামলার সন্দেহ

আন্তর্জাতিক ডেস্ক:
spot_img

আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে অবস্থানরত রাশিয়ার নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তদন্তে জাহাজটিকে লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলা চালানো হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ। এ ঘটনায় রাশিয়া ও লিবিয়ার অন্তত ১০ জন সামান্য আহত হয়েছেন।

- Advertisement -

রোববার (২২ নভেম্বর) বেনগাজির নৌঘাঁটিতে রাশিয়ার ‘মেরকুরি’ নামের একটি ছোট যুদ্ধজাহাজে এ ঘটনা ঘটে। রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে অবস্থান করছিল বলে জানিয়েছে লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইটে ধারণ করা ছবিতে যুদ্ধজাহাজটির বেশির ভাগ অংশ পানির নিচে তলিয়ে যেতে দেখা গেছে। শুধু সামনের কিছু অংশ পানির ওপরে ছিল। জাহাজের একটি অংশ থেকে ধোঁয়া বের হতে এবং বন্দরের আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা যায়।

লিবিয়ার সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, প্রাথমিক তদন্তে জাহাজটিকে লক্ষ্য করে ছয়টি সামুদ্রিক ড্রোন পাঠানোর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে চারটি ড্রোন প্রতিহত করা হলেও বাকি দুটি জাহাজে আঘাত হানে বলে দাবি করেছেন কর্মকর্তারা। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এখন পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। রাশিয়া ও ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে অনিশ্চয়তা কাটেনি।

লিবিয়ার পূর্বাঞ্চলীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে রাশিয়ার সঙ্গে যৌথ তদন্ত শুরু হয়েছে। হামলার উৎস ও জড়িতদের শনাক্ত করতে আন্তর্জাতিক তদন্তেরও আহ্বান জানিয়েছে তারা। একই সঙ্গে কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে লিবিয়ার কোনো সম্পৃক্ততা নেই। দেশটির বন্দর ও জলসীমাকে আন্তর্জাতিক সংঘাতের ময়দানে পরিণত হতে দেওয়া হবে না।

এদিকে, একই দিন বেনগাজি উপকূলে মাল্টার পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজেও সামুদ্রিক ড্রোনের আঘাতের খবর পাওয়া গেছে। লিবিয়ার সূত্রগুলোর তথ্য অনুযায়ী, ওই জাহাজের আহত কয়েকজন নাবিককে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে দুটি জাহাজে হামলার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়া কার্যত দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পূর্বাঞ্চলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখা প্রশাসন এবং পশ্চিমাঞ্চলের ত্রিপোলিভিত্তিক সরকার—উভয় পক্ষই দেশটির বন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনাকে বিদেশি সংঘাতের বাইরে রাখার অবস্থান জানিয়েছে।

তথ্যসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস ও আলজাজিরা।

সর্বশেষ