ন্যূনতম মজুরি বোর্ড গঠনের পরও নতুন বেতন কাঠামো ঘোষণা না হওয়ায় সাভার ও আশুলিয়ার পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ অব্যাহত রয়েছে। বেতন-ভাতা নিয়ে উদ্বেগ ও ক্ষোভের কারণে অনেক শ্রমিক কারখানায় উপস্থিত হলেও উৎপাদনকাজে অংশ নিচ্ছেন না। এতে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে ২২টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া শ্রমিকদের কর্মবিরতির কারণে আরও নয়টি কারখানায় এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত আশুলিয়ার ২২টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এসব কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
বন্ধ কারখানাগুলোর মধ্যে রয়েছে সুসুকা নিট লিমিটেড, রেডিয়ান্স ফ্যাশন লিমিটেড, ক্রিস্টাল কম্পোজিট লিমিটেড, আউটলেট স্টিচ লিমিটেড, গ্রিন লাইফ নিটেক্স লিমিটেড, মণ্ডল নিটওয়্যার লিমিটেড, হংকুন লেদার কোম্পানি লিমিটেড, সাবিহা অ্যাপারেলস, নিট এশিয়া লিমিটেড, মেহনাজ স্টাইল অ্যান্ড ক্রাফট লিমিটেড, জিম্যাক্স ক্লোথিং লিমিটেড, টপ টেক্স সোয়েটার লিমিটেড, এ আর জিন্স প্রডিউসার লিমিটেড, এফ জি এস ডেনিম ওয়্যার লিমিটেড, ফুটস্টেপস বাংলাদেশ লিমিটেড, অ্যালায়েন্স নিট কম্পোজিট লিমিটেড, এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাশন ডট কম লিমিটেড, হামীম গ্রুপ, আর্টিস্টিক ডিজাইন লিমিটেড, এনভয় গ্রুপ ও নেক্সট কালেকশন লিমিটেড।
এদিকে সোমবার সকাল ৯টার মধ্যে শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হয়েও উৎপাদনে অংশ না নেওয়ায় আরও নয়টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। কারখানাগুলো হলো শারমিন গ্রুপ, দি রোজ ড্রেসেস, সেতারা গার্মেন্টস, হলিউড গার্মেন্টস লিমিটেড, ইয়াগী বাংলাদেশ, এম ডিজাইন লিমিটেড, আলপস অ্যাপারেলস লিমিটেড, নিউ এইজ গ্রুপ ও বান্দো ডিজাইন লিমিটেড।
অন্যদিকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ম্যাংগো টেক্স, ফ্যাশন ফোরাম লিমিটেড, নাঈম নিটওয়্যার লিমিটেড, স্টারলিং ক্রিয়েশন ও সাদ ফ্যাশন লিমিটেডের শ্রমিকেরা কারখানায় উপস্থিত থাকলেও কাজে যোগ দেননি।
শিল্প পুলিশের সূত্র জানায়, সাভার ও আশুলিয়ায় মোট ৭৩৬টি পোশাক কারখানা রয়েছে। এর মধ্যে ৪৭০টি রপ্তানিমুখী। প্রায় এক মাস ধরে চলা শ্রমিক আন্দোলনের প্রভাবে এসব কারখানার উৎপাদন কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হচ্ছে।
শ্রমিকদের অভিযোগ, ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হলেও নতুন বেতন কাঠামো নিয়ে এখনো কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি। ফলে তাঁদের মধ্যে অনিশ্চয়তা ও অসন্তোষ বাড়ছে। সরকার ও মালিকপক্ষ আন্তরিক হলে শ্রমিকদের দাবির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি যৌক্তিক বেতন কাঠামো ঘোষণা করা কঠিন হওয়ার কথা নয় বলে মনে করেন তাঁরা।
শ্রমিকেরা আরও জানান, চাকরি হারানোর আশঙ্কায় অনেকেই সরাসরি আন্দোলনে অংশ নিতে সাহস পাচ্ছেন না। তবে তাঁদের মধ্যে অসন্তোষ রয়েছে। যাঁদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তাঁরাই আন্দোলনে নামছেন। আন্দোলনে বহিরাগতদের ইন্ধন রয়েছে কি না, সে বিষয়ে তাঁরা কিছু জানেন না বলেও জানান।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সোমবার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। কিছু কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কয়েকটিতে এক দিনের সাধারণ ছুটি দেওয়া হয়েছে। এ ছাড়া কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কর্মস্থলে বসে রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে।
নতুন মজুরি কাঠামো নিয়ে সিদ্ধান্ত না আসায় শ্রমিকদের অসন্তোষের পাশাপাশি কারখানার উৎপাদনও ব্যাহত হচ্ছে। ফলে দীর্ঘদিনের এই অস্থিরতা নিরসনে শ্রমিক, মালিকপক্ষ ও সরকারের মধ্যে কার্যকর সমঝোতার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়ে উঠেছে।

