ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে বিএনপি-জামায়াত-এনসিপিতে বিভেদ নয়: নাসীরুদ্দীন

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:জুলাই গণহত্যা, শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক ঐক্যের উদ্যোগ অর্থবহ হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, এসব দাবি আদায়ের প্রশ্নে কোনো ধরনের আপস করবে না তাঁর দল।

- Advertisement -

রোববার (২৩ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে এনসিপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য থাকা প্রয়োজন। তবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আগে জুলাই গণহত্যা ও শহীদ ওসমান হাদি হত্যার বিচার এবং গণভোটের রায় বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্তের বিনিময়েই জাতীয় ঐক্যের ভিত্তি তৈরি হতে হবে। অন্যায় ও হত্যার সঙ্গে আপস করে কোনো সংলাপ বা রাজনৈতিক সমঝোতা হতে পারে না।

জুলাই আন্দোলনে চট্টগ্রামের ভূমিকার কথা তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, নিউমার্কেট এলাকা জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের সাক্ষী। ওই আন্দোলনে অনেকে প্রাণ হারিয়েছেন, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছেন, আবার কেউ চিরতরে হাত-পা হারিয়েছেন। সেই চট্টগ্রাম থেকেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতার ডাক দেওয়া হচ্ছে।

শহীদ ওসমান হাদি হত্যার প্রসঙ্গে তিনি বলেন, একজনকে হত্যা করে আন্দোলন থামানো সম্ভব নয়। হাদির আদর্শ ও সংগ্রামের পথ অনুসরণ করে আরও অনেক তরুণ রাজপথে রয়েছেন। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির দেওয়া দ্বিতীয় জুলাইয়ের আহ্বান বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

ভারতের সঙ্গে পানিবণ্টন ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গঙ্গার পানি না এলে বাংলাদেশে ভারতীয় পণ্য চলতে দেওয়া হবে না এবং ভারতীয় নাগরিকদের এ দেশে কাজ করার সুযোগও দেওয়া হবে না। বাংলাদেশে আধিপত্য বিস্তারের চেষ্টা হলে জনগণ তা প্রতিহত করবে।

বিএনপির সঙ্গে রাজনৈতিক ঐক্যের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ঐক্য চাইলে অতীতের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে জুলাই গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এসব দাবি আদায়ে তরুণেরা রাজপথে থাকবেন বলেও জানান তিনি।

সমাবেশ থেকে এনসিপি চার দফা দাবি তুলে ধরে। দাবিগুলো হলো—সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করা।

কর্মসূচিতে অংশ নিতে রোববার দুপুর ৩টা থেকে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ও উপজেলা থেকে দলটির নেতাকর্মীরা নিউমার্কেট মোড়ে জড়ো হন। বিকেল ৪টার দিকে সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এতে নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও সালেহ উদ্দিন সিফাতসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশ ঘিরে কর্মসূচি শুরুর প্রায় দুই ঘণ্টা আগেই প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। পরে মিছিলটি কোতোয়ালি ও লালদীঘি এলাকা হয়ে আন্দরকিল্লায় গিয়ে শেষ হয়।

সর্বশেষ