দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিল রূপপুর, সরবরাহ হবে ৩৫০ মেগাওয়াট পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক
spot_img

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।

- Advertisement -

এ দফায় ১০ থেকে ২৪ ঘণ্টা পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ সময় বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা, টারবাইন, জেনারেটর এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার বিভিন্ন কারিগরি দিক পরীক্ষা করা হবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, দ্বিতীয় দফায় ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। নির্ধারিত সময় ধরে পরীক্ষা চালানোর মাধ্যমে উৎপাদনব্যবস্থা ও গ্রিডের সঙ্গে সমন্বয়ের সক্ষমতা যাচাই করা হবে।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হয়। ওই দিন প্রথম ইউনিট থেকে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে প্রায় সাড়ে আট ঘণ্টা গ্রিডে সরবরাহ করা হয়েছিল। সরবরাহ করা বিদ্যুতের আনুমানিক বাজারমূল্য ছিল প্রায় ২ কোটি টাকা। পরে রাত ১১টা ৫০ মিনিটে গ্রিড সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান বলেন, প্রথম দফার গ্রিড সংযোগের সময় টারবাইন, জেনারেটর ও জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা এবং স্থিতিশীলতা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল সন্তোষজনক হওয়ায় প্রয়োজনীয় বিরতি শেষে দ্বিতীয় দফায় আবারও সংযোগ দেওয়া হয়েছে। এবারও কয়েক ঘণ্টা পর্যবেক্ষণের পর পরিস্থিতি অনুযায়ী গ্রিড থেকে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

তিনি জানান, পরবর্তী পরীক্ষাগুলোতে প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন বাড়ানো বা কমানো হবে। কিছু কারিগরি পরীক্ষার প্রয়োজনে ইউনিটটি সাময়িকভাবে বন্ধও রাখতে হতে পারে। উৎপাদনের এ ধরনের পরিবর্তনের সঙ্গে জাতীয় গ্রিডের ভারসাম্য বজায় রাখতে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবি) প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

আগামী গ্রীষ্মের আগেই প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান এনপিসিবিএলের ব্যবস্থাপনা পরিচালক। তাঁর প্রত্যাশা, ২০২৭ সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ইউনিটটির উৎপাদনক্ষমতা বাড়িয়ে প্রায় ১ হাজার ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে। এতে আগামী গ্রীষ্মে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটা কমতে পারে।

প্রকল্পসংশ্লিষ্টরা জানান, পরীক্ষামূলক গ্রিড সংযোগের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদনব্যবস্থা ও জাতীয় সঞ্চালনব্যবস্থার মধ্যে সমন্বয় যাচাই করা হচ্ছে। তবে এই পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়াকে কেন্দ্রটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক উৎপাদন হিসেবে বিবেচনার সুযোগ নেই।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্দেশিকা ও আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে পর্যায়ক্রমে উৎপাদনক্ষমতা বাড়ানো হবে। প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, লাইসেন্স ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিটের উৎপাদন ১০০ শতাংশ সক্ষমতায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। দুটি ইউনিট চালু হলে কেন্দ্রটির মোট উৎপাদনক্ষমতা দাঁড়াবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। দ্বিতীয় দফায় পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের মধ্য দিয়ে কেন্দ্রটির উৎপাদনব্যবস্থা ও জাতীয় গ্রিডের সমন্বয় পরীক্ষার কার্যক্রম আরও এক ধাপ এগোল।

সর্বশেষ