দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির আওতায় দেশে ফিরিয়ে আনতে ভারতের সঙ্গে কাজ করছে বাংলাদেশ। দেশে ফেরার পর তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -

রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও উত্তেজনার মধ্যে তার এ বক্তব্য সামনে এল।

সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই গ্রেপ্তার হবেন। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে। একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে বাংলাদেশের কাছে ফেরত দিতে ভারতের প্রতি আহ্বান জানাচ্ছে ঢাকা। এ ক্ষেত্রে তাকে আইনের মুখোমুখি হতে হবে।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তার বিরুদ্ধে বাংলাদেশে মৃত্যুদণ্ডের রায় হয়েছে। একই সঙ্গে তার নেতৃত্বাধীন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারত সরকারের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত পাওয়ার আশা করছে ঢাকা। গত এপ্রিলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের করা প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে। এ বিষয়ে রয়টার্স ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো সাড়া পায়নি।

এদিকে আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। তবে সরকার তার আবেদনগুলো প্রত্যাখ্যান করেছে।

ফেরার পরিকল্পনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা

শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের সমর্থকেরা তার দেশে ফেরার দাবিতে চলতি মাসে এক সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির অংশ হিসেবে ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউনের ডাক দেওয়া হয়েছিল।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

এসব সহিংসতার জন্য আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলকে দায়ী করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তার ভাষায়, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়া দলটি টিকে থাকার চেষ্টা হিসেবে সহিংসতার পথ বেছে নিয়েছে। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, বর্তমান রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই এসব ঘটনার জন্য দায়ী।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে ঢাকার অবস্থান

সাক্ষাৎকারে শামা ওবায়েদ আরও জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।

তিনি বলেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় সরকার। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, সেই সিদ্ধান্ত ভারতেরই নিতে হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত সহিংসতায় জাতিসংঘের হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। ওই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে।

সর্বশেষ