নিজস্ব প্রতিবেদক : জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট চাওয়ার বিষয়টিকে ‘উন্মাদনা’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, একজন পলাতক আসামির পক্ষে অন্য কারও এয়ারক্রাফট চাওয়ার ঘটনা নজিরবিহীন। এ ধরনের দাবি গ্রহণযোগ্য নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার মুখপাত্রের পক্ষ থেকে এয়ারক্রাফট চাওয়ার যে দাবি করা হয়েছে, তা হাস্যকর। একজন পলাতক আসামির জন্য অন্য কারও এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের বক্তব্যকে তিনি উন্মাদনা ছাড়া অন্য কিছু মনে করেন না।
ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত অন্য আসামিদের দিল্লিতে সংবাদ সম্মেলন করার বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, তারা বাংলাদেশের ভূখণ্ডের বাইরে অবস্থান করে কর্মকাণ্ড চালাচ্ছেন। অন্য কোনো দেশে কোনো আসামির তৎপরতা থাকলে সে বিষয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে অবহিত করতে হবে।
এ সময় আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, দলটির নেতাকর্মীরা নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে খুনি হিসেবে পরিচিতি তুলে ধরছেন।
দণ্ডিত আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে চিফ প্রসিকিউটর বলেন, তাদের ফিরিয়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা চলছে। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের কর্মকাণ্ডের মাধ্যমে দলটি যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিচারের মাধ্যমে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হতে পারে। এ জন্য সরকার বা ট্রাইব্যুনাল আইনগত পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে।
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে চলমান তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, দলটির বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। সেটি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে যথাসময়ে বিস্তারিত জানানো হবে।

