হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত, তিন তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুনের দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক :
spot_img

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌমাইনে আঘাত পেয়ে তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) আইআরজিসির পক্ষ থেকে এ দাবি করা হয়। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, জাহাজ তিনটি নৌমাইনে আঘাত পাওয়ার পর বিস্ফোরণ ঘটে এবং সেগুলোতে আগুন ধরে যায়।

তবে ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাম, কোন দেশের পতাকাবাহী ছিল এবং জাহাজে থাকা নাবিকদের কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি ইরান। এ ঘটনার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্যও পাওয়া যায়নি।

এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও জ্বালানি পরিবহন করা হয়। ফলে এখানে জাহাজ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

ইরান এর আগে জানিয়েছিল, দেশটির নির্ধারিত নৌপথ ও অনুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না। তেহরানের দাবি, নির্ধারিত নিয়ম না মেনে জাহাজ চলাচল করলে ওই অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

তিনটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের এই দাবি নতুন করে হরমুজ প্রণালির নিরাপত্তা এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

সূত্র: আলজাজিরা।

সর্বশেষ