এসএসসিতে জিপিএ-৫ পাওয়া ১৫০০ শিক্ষার্থীকে ল্যাপটপ দিবে সরকার

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল করা শিক্ষার্থীদের জন্য ল্যাপটপ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে দেশের ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রমে শীর্ষ ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থীকে এ সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মেধাতালিকার শেষ অবস্থানে একাধিক শিক্ষার্থীর নম্বর সমান হলে তাদের অন্তর্ভুক্ত করতে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ বরাদ্দ রাখা হয়েছে। সে হিসাবে সর্বোচ্চ দেড় হাজার শিক্ষার্থী এ পুরস্কার পেতে পারে।

- Advertisement -

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি আধুনিক তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে দক্ষ করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারেও এ ধরনের প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রমের প্রতিশ্রুতি ছিল।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। সরকারি ক্রয়বিধি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ কেনা হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যে শিক্ষার্থীদের হাতে ল্যাপটপ তুলে দেওয়া হতে পারে।

প্রাথমিক পর্যায়ে সব বিষয়ে জিপিএ-৫ পাওয়া প্রায় ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা থাকলেও ধাপে ধাপে কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর জন্য আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হতে পারে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ১১টি শিক্ষা বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ উদ্যোগের পরিসর বাড়ানো হবে। মেধাতালিকায় সমান নম্বর পাওয়া শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনায় রেখেই অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষণ করা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদেরও এ ধরনের পুরস্কার দেওয়ার পরিকল্পনা রয়েছে।

শিক্ষার্থী বাছাইয়ে শুধু জিপিএ-৫ বিবেচনা করা হয়নি; পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরকে গুরুত্ব দেওয়া হয়েছে। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচনের কাঠামো অনুসরণ করা হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে পরীক্ষার্থী ও বিভাগভিত্তিক বিন্যাস বিবেচনায় পৃথক পদ্ধতি রাখা হয়েছে।

কর্মসূচির পরিচালক অধ্যাপক মো. ফিরোজ আলম জানান, শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করবে। এ ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য উন্নত মান ও প্রয়োজনীয় কনফিগারেশনের ল্যাপটপ কেনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে সর্বোচ্চ নম্বরধারী ১০০ জনের তালিকা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল জানিয়েছেন, দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, এ উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি পড়াশোনা, গবেষণা ও উচ্চশিক্ষায় প্রযুক্তির ব্যবহার বাড়াতে সহায়ক হবে।

সর্বশেষ