আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বাস্তবায়নে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হলে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) চুক্তির মাধ্যমেই আনতে হবে। এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার দায়ে অভিযুক্ত কাউকে লালগালিচা সংবর্ধনা দিয়ে দেশে ফিরিয়ে আনার চিন্তা যারা করছেন, তারা বোকার স্বর্গে বাস করছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার ৪০০ বাংলাদেশিকে হত্যার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, তা কার্যকর করা হবে। দেশের আইন সবার মেনে চলা উচিত। একইভাবে প্রত্যেক দেশের আইনকে সংশ্লিষ্ট রাষ্ট্রের সম্মান জানানো প্রয়োজন।
অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন ইয়াসের খান চৌধুরী। তিনি জানান, এ বিভাগের অবকাঠামোগত উন্নয়নে তিন হাজার ৮০০ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্পটির প্রাথমিক পরিকল্পনাগত ধাপ ইতোমধ্যে অতিক্রম করেছে। বাস্তবায়ন হলে বিভাগের প্রতিটি উপজেলায় উন্নয়নের সুফল পৌঁছাবে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামের সড়ক, সেতুসহ প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মানুষের প্রত্যাশা পূরণ করতে চায় সরকার।
সাংবাদিকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অসুস্থতা, আর্থিক অসচ্ছলতাসহ বিভিন্ন সংকটে সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এ খাতে অনুদানের পরিমাণ ছয় কোটি টাকা থেকে বাড়িয়ে প্রায় ২৫ কোটি টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের শেষ পর্যায়ে রয়েছে।
সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের জন্য সহায়তা কর্মসূচি নেওয়া হয়েছে।
ঢাকার যানজট পরিস্থিতি নিয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তাঁর দাবি, আগে রাজধানীতে যানবাহনের গড় গতি ঘণ্টায় প্রায় চার কিলোমিটার থাকলেও বর্তমানে তা বেড়ে ১১ থেকে ১২ কিলোমিটারে দাঁড়িয়েছে। যানজট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে স্বয়ংক্রিয় ক্যামেরা এবং ট্রাফিক লাইট স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এ ব্যবস্থা আরও বিস্তৃত করা হবে।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে একটি নিষিদ্ধ সংগঠন বিভিন্ন তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। আগুন সন্ত্রাসের রাজনীতি ফিরিয়ে আনার অপচেষ্টা রুখতে সাংবাদিকসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, দেশে যেন আর ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যতেও গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় তাঁদের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ময়মনসিংহ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি হামিদুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, লুৎফাহিল মাজেদ বাবু, আকতারুজ্জামান বাচ্চু ও কামরুল হাসান মিলন এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বক্তব্য দেন।
এ ছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতা ও গণমাধ্যমকর্মীরা বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব গোলাম কিবরিয়া।

