স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ মহড়া, নিজেই সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত পর্ব প্রত্যক্ষ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি অল-টেরেইন ভেহিকল (এটিভি) বা বিশেষ সামরিক যান চালিয়ে মহড়াস্থল পরিদর্শন করেন। তাঁর পাশের আসনে ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

- Advertisement -

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় যাত্রা শুরুর পর বেলা সাড়ে ১১টার দিকে তাঁকে বহনকারী হেলিকপ্টারটি স্বর্ণদ্বীপে অবতরণ করে।

স্বর্ণদ্বীপে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ ১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন দেখতে যান প্রধানমন্ত্রী। তিন বাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে পরিচালিত এ মহড়ায় সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে।

মহড়া চলাকালে বিশেষ সামরিক যান চালিয়ে অনুশীলনের বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করেন সরকারপ্রধান। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখেন এবং তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বর্ণদ্বীপে এর আগে সেনাবাহিনীর বিভিন্ন সমর অনুশীলনের পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। তবে এবারই প্রথম সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট একসঙ্গে বিশেষ এই মহড়ায় অংশ নিচ্ছে।

নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপটি স্থানীয়ভাবে ‘জাহাইজ্জার চর’ নামে পরিচিত। ২০১৩ সালে দ্বীপটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। দুর্গম ও বৈচিত্র্যময় ভূপ্রকৃতির কারণে দ্বীপটি সামরিক প্রশিক্ষণ ও অনুশীলনের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

মহড়া পরিদর্শন শেষে মঙ্গলবার বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

সর্বশেষ