চট্টগ্রামে ভোক্তা অধিদপ্তরের অভিযান: বাসি খাবার, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও নকল পণ্য, জরিমানা তিন প্রতিষ্ঠানকে

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম:
spot_img

মো.মোক্তার হোসেন বাবু,চট্টগ্রাম: অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি এবং নামী ব্র্যান্ডের নকল পণ্য বাজারজাতের অভিযোগে চট্টগ্রাম নগরের তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৪ নভেম্বর) নগরের কদমতলী ও দেওয়ানহাট এলাকায় পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানগুলোতে এসব অনিয়মের তথ্য পাওয়া যায়।

- Advertisement -

অভিযানে কদমতলী এলাকার সমতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে রান্না করা বাসি খাবার কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। এ ছাড়া অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পান অভিযানের কর্মকর্তারা।

অন্যদিকে, দেওয়ানহাট মোড়সংলগ্ন তাজ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযানে জয়শ্রী অটোমোবাইলস নামের প্রতিষ্ঠানে পরিচিত কয়েকটি ব্র্যান্ডের নকল পণ্য উৎপাদন ও বাজারজাতের তথ্য পাওয়া যায়। এসব পণ্যের মধ্যে Herohne, Sharlu, RSM, Motul ও Castrol ব্র্যান্ডের নাম ব্যবহার করা পণ্য রয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, নকল ব্র্যান্ডের পণ্য উৎপাদন ও বাজারজাত, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। ভোক্তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, কোনো প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার উপস্থিত ছিলেন।

সর্বশেষ