গুম-হত্যার মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক চলছে

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করছে রাষ্ট্রপক্ষ। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ যুক্তিতর্ক উপস্থাপন করছেন। বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

- Advertisement -

বুধবার বেলা সোয়া ১১টার পর ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম শুরু হয়। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ মামলার সাক্ষীদের জবানবন্দি, বিভিন্ন নথি ও সাক্ষ্য-প্রমাণের গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরছে। এর আগে মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগ এবং মামলার ঘটনাপ্রবাহ আদালতের সামনে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর।

প্রথম দিনের যুক্তিতর্কে মামলার সাক্ষীদের পরিচয় ও তাঁদের জবানবন্দির বিভিন্ন অংশ তুলে ধরা হয়। এর মধ্যে ছিলেন জিয়াউল আহসানের দেহরক্ষী ইমরুল কায়েস, তৎকালীন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া এবং মামলার ১৩তম সাক্ষী মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী।

মেজর (অব.) সাব্বির রহমান ওসমানীর জবানবন্দিতে বরগুনার পাথরঘাটা ও সুন্দরবন এলাকায় কথিত হত্যাকাণ্ডের ভয়াবহ বিবরণ উঠে আসে। তাঁর সাক্ষ্য অনুযায়ী, ভুক্তভোগীদের ট্রলারে করে নিয়ে গুলি করার পর পেট কেটে নাড়িভুঁড়ি বের করা হতো। পরে মরদেহের সঙ্গে সিমেন্টের বস্তা বেঁধে নদীতে ফেলে দেওয়া হতো।

এসব বক্তব্য তুলে ধরে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, হত্যাকাণ্ডের সময় শরীরে রক্তের ছিটা এড়াতে বালিশ ব্যবহার করতেন বলে জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নৌকায় একজন গুলি চালাতেন, অন্যজন ভুক্তভোগীদের পেট কেটে নাড়িভুঁড়ি বের করতেন বলেও সাক্ষ্যের ভিত্তিতে যুক্তিতর্কে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে যুক্তিতর্ক সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বিটিভির পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের ফেসবুক পেজেও এ কার্যক্রম দেখা যাচ্ছে।

এদিকে নিরাপত্তার কারণে ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত না হয়ে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন মামলার একমাত্র আসামি জিয়াউল আহসান। গত ২২ নভেম্বর তাঁর পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। এ সময় তিনি আসামির পক্ষে কিছু মামলাসংক্রান্ত নথি ও ভিডিও আদালতে উপস্থাপন করেন।

গত ১৯ নভেম্বর মামলার ১৫তম সাক্ষী ও তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জেরা শেষ হওয়ার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। এরপর শুরু হয় আসামিপক্ষের সাফাই সাক্ষ্য গ্রহণ। বর্তমানে মামলাটি যুক্তিতর্কের পর্যায়ে রয়েছে।

রাষ্ট্রপক্ষের তিন অভিযোগ

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলায় তিনটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

প্রথম অভিযোগটি ২০১১ সালের ১১ জুলাই রাতের। ওই রাতে গাজীপুর সদর থানার পুবাইলে সড়কের পাশে জিয়াউল আহসানের সরাসরি উপস্থিতিতে সজলসহ তিনজনকে হত্যা করা হয় বলে দাবি রাষ্ট্রপক্ষের।

দ্বিতীয় অভিযোগে বলা হয়েছে, ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের চরদুয়ানী খালসংলগ্ন বলেশ্বর নদীর মোহনায় নজরুল, মল্লিকসহ ৫০ জনকে হত্যা করা হয়।

তৃতীয় অভিযোগেও একই সময়ে আরও ৫০ জনকে হত্যার কথা বলা হয়েছে। প্রসিকিউশনের দাবি, তথাকথিত বনদস্যু দমনের আড়ালে বলেশ্বর নদী, বাগেরহাটের শরণখোলা ও সুন্দরবনের বিভিন্ন এলাকায় মাসুদসহ এসব মানুষকে হত্যা করা হয়।

এসব অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ জিয়াউল আহসানের বিরুদ্ধে তিনটি অভিযোগ আমলে নেন। একই দিন তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে ২৩ ডিসেম্বর তাঁকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

সর্বশেষ