তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা, আলোচনায় ১৪ উন্নয়ন প্রকল্প

নিজস্ব প্রতিবেদক :
spot_img

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ের সভাকক্ষে এ সভা শুরু হয়। এতে নতুন পাঁচটি ও সংশোধিত নয়টিসহ মোট ১৪টি উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণসংক্রান্ত দুটি প্রকল্পে রয়েছে সবচেয়ে বড় বরাদ্দের প্রস্তাব।

- Advertisement -

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সভার আলোচ্যসূচিতে শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, সংস্কৃতি, স্থানীয় সরকার, বিদ্যুৎ এবং সড়ক পরিবহনসহ বিভিন্ন খাতের উন্নয়ন প্রকল্প স্থান পেয়েছে।

আলোচ্যসূচির শুরুতে রয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের দুটি প্রকল্প। এগুলো হলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন এবং খুলনার পাইকগাছা কৃষি কলেজ স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন।

স্বাস্থ্য খাতের চারটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উন্নয়ন ও চিকিৎসাসেবা সম্প্রসারণসংক্রান্ত দুটি প্রকল্পও সভায় আলোচনার জন্য রাখা হয়েছে। এর মধ্যে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদ্‌রোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্পের দ্বিতীয় সংশোধন রয়েছে। পাশাপাশি যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ এবং জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা সম্প্রসারণ প্রকল্পের দ্বিতীয় সংশোধন প্রস্তাব রয়েছে।

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্যবিমোচন সংস্থার স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প নিয়ে আলোচনা হবে।

স্থানীয় অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের দুটি প্রকল্প রয়েছে আলোচ্যসূচিতে। এর একটি পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং অন্যটি চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। এ ছাড়া গ্রামীণ মাটির রাস্তা টেকসই করতে হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে রাস্তা নির্মাণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের চতুর্থ সংশোধন প্রস্তাব উপস্থাপন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বিদ্যুৎ খাতের দুটি প্রকল্পে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বিতরণব্যবস্থার ক্ষমতাবর্ধন এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিদ্যুৎ বিতরণব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প রয়েছে।

অন্যদিকে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বরিশাল (দিনারেরপুল)-লক্ষ্মীপাশা-দুমকি সড়কের ২৭তম কিলোমিটারে পাণ্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ প্রকল্পের প্রথম সংশোধন প্রস্তাবও সভায় তোলা হবে।

আগে অনুমোদিত সাত প্রকল্পের বিষয়ে অবহিত করা হবে

এদিকে পরিকল্পনামন্ত্রী এর আগে অনুমোদন দিয়েছেন এমন সাতটি প্রকল্পের বিষয়েও একনেক সভায় অবহিত করার কথা রয়েছে।

এর মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প রয়েছে। এগুলো হলো চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন এবং বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প।

কৃষি খাতের প্রকল্প হিসেবে রয়েছে কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগারে রূপান্তর। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ এবং দেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন।

এ ছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ভেনম রিসার্চ সেন্টার, বাংলাদেশ শক্তিশালীকরণ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের বিষয়েও সভায় অবহিত করা হবে।

বিভিন্ন খাতের এসব প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ বিতরণব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার পরিধি সম্প্রসারণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং শিক্ষা ও গবেষণার অবকাঠামো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে প্রকল্পগুলোর ব্যয় ও বাস্তবায়নসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত একনেকের সভা শেষে জানা যাবে।

সর্বশেষ