গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকার একটি মামলায় আদালতে হাজির করা হলে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল থানায় দায়ের করা একটি মামলায় আবুল হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আবুল হাসান ৩৪তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। তাঁর বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। ২০২৪ সালের ৫ আগস্টের আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। পরে তাঁকে ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে বদলি করা হয়।
সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নাম আলোচনায় আসে। ওই ঘটনায় তাঁর সম্পৃক্ততা রয়েছে বলে বিভিন্ন পোস্টে অভিযোগ করা হয়। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, ৫ আগস্টের আগে দায়িত্ব পালনকালে আবুল হাসানের বিরুদ্ধে নির্যাতন ও হয়রানির অভিযোগ তুলে আসছিলেন বিএনপির কয়েকজন নেতাকর্মী। কলাবাগান থানা যুবদলের সাবেক সদস্য সচিব শাহ আলম সৈকত এক ফেসবুক পোস্টে দাবি করেন, নিউমার্কেট ও কলাবাগান থানায় দায়িত্ব পালনের সময় আবুল হাসান নিজেকে ‘শেখ হাসিনার চেয়েও বড় আওয়ামী লীগ’ বলে পরিচয় দিতেন।
শাহ আলম সৈকতের অভিযোগ, আবুল হাসানের নেতৃত্বে তাঁর বাসায় একাধিকবার অভিযান চালানো হয়েছিল। এসব অভিযানে ভাঙচুরের পাশাপাশি পরিবারের সদস্যদের ক্রসফায়ারের হুমকিও দেওয়া হয় বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগের বিষয়ে আবুল হাসানের বক্তব্য পাওয়া যায়নি।
আবুল হাসানের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ এসআরবি-১৪-এর অধিনায়ক মাসুদ রানা। তিনি বলেন, সোমবার রাত ৮টার দিকে ঢাকা থেকে ডিবি পুলিশের একটি দল এসে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে নিয়ে গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ঢাকা ডিবির সঙ্গে যোগাযোগ করতে হবে।

